লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার, সিরীয় নাগরিক গ্রেপ্তার

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে অপহরণের শিকার ১৩ জন বাংলাদেশি অভিবাসীকে সফলভাবে উদ্ধার করেছে দেশটির অবৈধ অভিবাসনবিরোধী সংস্থা ‘এন্টি-ইলিগ্যাল মাইগ্রেশন এজেন্সি’র ইস্ট ত্রিপোলি শাখা। এই ঘটনায় মুক্তিপণ আদায়ের অভিযোগে এক সিরীয় নাগরিককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অনলাইন লিবিয়া অবজার্ভারের প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত সিরীয় নাগরিক নতুন আসা অভিবাসীদের অপহরণ করে তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের চেষ্টা করছিলেন।

সংস্থাটির ফেসবুক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইস্ট ত্রিপোলি অভিবাসী আটককেন্দ্রের তদন্ত ও গ্রেপ্তার ইউনিটের কাছে তথ্য আসে যে, একটি অপরাধী চক্র লিবিয়ায় নতুন পৌঁছানো অভিবাসীদের অপহরণ করে তাদের স্বজনদের কাছে অর্থ দাবি করছে। এই তথ্যের ভিত্তিতে তদন্তকারীরা অনুসন্ধানে নামেন। গোয়েন্দা তথ্য সংগ্রহের মাধ্যমে অপহৃত বাংলাদেশিদের আটকে রাখার স্থান এবং প্রধান সন্দেহভাজনের পরিচয় শনাক্ত করতে সক্ষম হন তারা।

পরবর্তীতে পাবলিক প্রসিকিউশনের অনুমতি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে ১৩ জন বাংলাদেশিকে উদ্ধার করে। ঘটনাস্থল থেকেই অভিযুক্ত সিরীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি তার অপরাধের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে সংস্থাটি। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তার জবানবন্দি নথিভুক্ত করা হয়েছে এবং তাকে পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পাবলিক প্রসিকিউশন তাকে বিচারপূর্ব হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। বর্তমানে এই অপহরণচক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত