বিশ্বকাপের টিকিটের আকাশচুম্বী দাম নিয়ে ফিফার বিরুদ্ধে ফের বিতর্ক

বিশ্বকাপের টিকিটের দাম নির্ধারণ ও বিক্রয় প্রক্রিয়া নিয়ে ফিফার বিতর্ক যেন শেষ হওয়ার নয়। টুর্নামেন্ট শুরুর আগেই ‘ডায়নামিক প্রাইসিং’ পদ্ধতি নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। এবার ফিফার অফিসিয়াল রিসেল প্ল্যাটফর্মে একই ম্যাচের টিকিট কয়েক হাজার পাউন্ডে বিক্রির জন্য তালিকাভুক্ত হওয়ায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি নতুন করে প্রশ্নের মুখে পড়েছে।

আগামী সোমবার মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে মাঠে নামবে ইংল্যান্ড। এই ম্যাচের জন্য ইংল্যান্ড সমর্থকদের কেনা টিকিটগুলো রিসেল পোর্টালে অস্বাভাবিক উচ্চমূল্যে বিক্রির জন্য প্রকাশ করা হয়েছে। বিষয়টি সামনে আসতেই বিভিন্ন সমর্থক সংগঠনের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) জানিয়েছে, আলোচিত টিকিটগুলো ইংল্যান্ড সাপোর্টার্স ট্রাভেল ক্লাবের সদস্যরা গত ডিসেম্বরে অনুষ্ঠিত ব্যালটের মাধ্যমে সংগ্রহ করেছিলেন। ডিআর কঙ্গোকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করার পর বুধবার থেকে আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই ম্যাচটির টিকিট পুনরায় বিক্রির সুযোগ চালু হয়।

ফুটবল সাপোর্টার্স অ্যাসোসিয়েশন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। বিবিসিকে দেওয়া এক প্রতিক্রিয়ায় সংগঠনটি বলেছে, ফিফা ইচ্ছাকৃতভাবেই এমন একটি অনলাইন বিনিময় ব্যবস্থা তৈরি করেছে, যেখানে টিকিট অত্যন্ত চড়া দামে বিক্রির সুযোগ রয়েছে। একই সঙ্গে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি ক্রেতা ও বিক্রেতা—উভয়ের কাছ থেকেই ১৫ শতাংশ হারে অর্থ আদায় করছে।

সংগঠনটির পক্ষ থেকে আরও বলা হয়েছে, এই বিশ্বকাপে সমর্থকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের জন্য তারা সবসময়ই ফিফার সমালোচনা করে আসছে। তবে যেসব সমর্থক নিজেরাই অযৌক্তিক দামে টিকিট বিক্রির চেষ্টা করছেন, তাদের এমন কর্মকাণ্ডও কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।