প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ৫ আগস্টের এই ঐতিহাসিক অর্জন কোনো নির্দিষ্ট ব্যক্তি বা একক রাজনৈতিক দলের নয়। বরং দলমত নির্বিশেষে দেশের প্রতিটি শান্তিপ্রিয় ও গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত অর্জনের ফসল হলো এই দিনটি। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন’-এ তিনি এসব কথা বলেন। ‘জুলাই ২৪ শহীদ পরিবার’ ও ‘আমরা জুলাইযোদ্ধা’ কেন্দ্রীয় কমিটির আয়োজনে অনুষ্ঠিত এই আয়োজনে জুলাই আন্দোলনের আহত যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।
বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান তার ব্যক্তিগত অনুভূতির কথা তুলে ধরেন। তিনি বলেন, গত সতের বছর ধরে তার মায়ের ওপর যে অমানবিক মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হয়েছে, তার প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছেন। তিনি বলেন, যদি আজ তার মাকে জিজ্ঞাসা করতে পারতেন যে তিনি প্রতিশোধ চান কি না, তবে তার মা তাকে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে যাওয়ার দায়িত্ব দিতেন। একই কথা তার ভাইয়ের ক্ষেত্রেও প্রযোজ্য বলে উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, তার ভাইকে যে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে এবং যে অন্যায় তার ওপর করা হয়েছে, তার প্রতিশোধ নেওয়ার ক্ষমতাও সৃষ্টিকর্তা তাকে দিয়েছেন। তবে তিনি নিশ্চিত যে, একই রক্ত প্রবাহিত হওয়ায় তার ভাইও একই কথা বলতেন—সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াই এখন মূল লক্ষ্য।

