চট্টগ্রামের কর্ণফুলী নদীর সদরঘাট এলাকায় নোঙর করে রাখা একটি মাছ ধরার ট্রলারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরের দিকে ট্রলারটির ইঞ্জিন কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয় বলে নিশ্চিত করেছেন সদরঘাট নৌ-পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান।
এই অগ্নিকাণ্ডে দগ্ধ ছয়জন হলেন—আশিকুজ্জামান তামিম, রুবেল, শাহ আলম, নিজাম উদ্দিন, রাসেল ও ছিদ্দিক আহমেদ। তারা সবাই ওই ট্রলারের কর্মকর্তা ও কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।
ওসি মো. মিজানুর রহমান জানান, দগ্ধ সবার শারীরিক অবস্থা গুরুতর। তাদের উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
এদিকে অগ্নিকাণ্ডের এই ঘটনায় ট্রলারের ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ সদরঘাট নৌ-পুলিশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে উল্লেখ করা হয়েছে, গভীর সমুদ্রে মাছ ধরা শেষে গত ২৯ জুন ট্রলারটি কর্ণফুলী নদীর সদরঘাটের সাম্পানঘাট এলাকায় মুরিং বয়ায় নোঙর করে রাখা হয়েছিল। এরপর মঙ্গলবার দুপুরে ট্রলারের ইঞ্জিন কক্ষ থেকে হঠাৎ বিকট শব্দের সঙ্গে আগুনের সূত্রপাত হয়।
