অস্তিত্বের স্বরূপ কি কেবল একরৈখিক এবং সমতল বাস্তবতা, নাকি এটি সুবিন্যস্ত ও সম্পর্কনির্ভর একটি স্তরবিন্যাস? আধুনিক বস্তুবাদী বিশ্বদর্শনের একটি মৌলিক অনুমান হলো, সমস্ত বাস্তবতা শেষ পর্যন্ত একই ধরনের পদার্থগত সত্তায় রূপান্তরিত হতে পারে। এই চিন্তাধারায় মানুষ, নক্ষত্র, চেতনা ও পদার্থ একই ভৌত বাস্তবতার ভিন্ন ভিন্ন রূপ, যেখানে ফারাক কেবল জটিলতার স্তরে। তবে ফিতরাতি বাস্তুবিদ্যার দৃষ্টিতে এই সমতল অন্টোলজির সীমাবদ্ধতা স্পষ্ট। এটি বস্তুর গঠন ও কার্যকারিতা ব্যাখ্যা করতে পারলেও তার অস্তিত্বের উৎস, উদ্দেশ্য ও সৃষ্টিগত তাৎপর্য ব্যাখ্যা করতে ব্যর্থ হয়। ফিতরাতি বাস্তুবিদ্যায় অস্তিত্ব মানে কেবল বস্তুর উপস্থিতি নয়, বরং তার উৎস, অর্থ ও উদ্দেশ্যের এক সমন্বিত বাস্তবতা।
এই দর্শনে অস্তিত্বকে ‘মারাতিবুল ওজুদ’ বা স্তরবিন্যস্ত অস্তিত্বের একটি সুশৃঙ্খল স্থাপত্য হিসেবে দেখা হয়। যদিও প্রতিটি সত্তা একই উৎস থেকে উদ্ভূত, তবুও তাদের অস্তিত্বগত মর্যাদা ও ভূমিকা সমান নয়। তাওহিদ এই বৈচিত্র্যকে অস্বীকার করে না, বরং একটি অভিন্ন উৎসের অধীনে তাদের ঐক্যে সংযুক্ত করে। এই স্তরবিন্যাসের মূল ভিত্তি হলো ‘ওয়াজিবুল ওজুদ’ বা আল্লাহর অনাদি অস্তিত্ব এবং ‘মুমকিনুল ওজুদ’ বা নির্ভরশীল সৃষ্টিজগতের মধ্যকার ফারাক। সৃষ্টিজগতের প্রতিটি স্তর আল্লাহর ওপর নির্ভরশীল, যা কায়েনাতের সব অস্তিত্বের চূড়ান্ত নির্ভরতার ঘোষণা দেয়।
ফিতরাতি বাস্তুবিদ্যা বাস্তবতাকে দ্বিমাত্রিক দৃষ্টিকোণ থেকে দেখে। একদিকে রয়েছে দৃশ্যমান অনুভূমিক বাস্তবতা, যা পদার্থ ও শক্তির সম্পর্ক নিয়ে গঠিত; অন্যদিকে রয়েছে উল্লম্ব বাস্তবতা, যা অস্তিত্বকে অর্থ, বিধান ও সৃষ্টিগত অভিমুখ প্রদান করে। প্রতিটি পরিবেশগত সংগতি ও কারণ-কার্যের সম্পর্ক এখানে ‘মিজান’ বা অস্তিত্বের অন্তর্নিহিত সামঞ্জস্যের প্রকাশ। এই ভারসাম্যই সৃষ্টির প্রতিটি স্তরকে তার নির্ধারিত সীমা ও উদ্দেশ্যের মধ্যে ধরে রাখে। এখানে দৃশ্যমান জগৎ ও অদৃশ্য জগত একে অপরের পরিপূরক, যেখানে ওহি, রুহ ও ফেরেশতাদের মতো হাকিকতগুলো অস্তিত্বের বৃহত্তর কাঠামোর অংশ হিসেবে বিবেচিত হয়।
অস্তিত্বের এই স্তরবিন্যাসে প্রতিটি উচ্চতর স্তর নিম্নতর স্তরকে অস্বীকার না করে তাকে অর্থপূর্ণ করে তোলে। জীবন পদার্থের ওপর ভিত্তি করে গড়ে উঠলেও তা কেবল পদার্থের সমষ্টি নয়, তেমনি চেতনা ও নৈতিকতাও উচ্চতর স্তর হিসেবে নিম্নতর স্তরকে ধারণ ও অতিক্রম করে। এই কাঠামোয় কায়েনাত একটি বহুমাত্রিক সম্পর্ক-জাল, যেখানে মাটি, পানি, বৃক্ষ ও মানুষের মধ্যে সম্পর্ক কেবল পরিবেশগত নয়, বরং অস্তিত্বগত। প্রতিটি সত্তা তার স্বকীয় দায়িত্ব ও সীমার মধ্যে থেকে স্রষ্টার নির্দেশের আনুগত্য করে, যা ফিতরাহরই বহিঃপ্রকাশ।
মানুষের শ্রেষ্ঠত্ব এখানে তার ভোগক্ষমতায় নয়, বরং তার আমানত বহন করার সক্ষমতা ও নৈতিক দায়িত্ববোধের মধ্যে নিহিত। আধুনিক কসমোলজি মহাবিশ্বের ভৌত বিস্তার ব্যাখ্যা করলেও ফিতরাতি বাস্তুবিদ্যা সওয়াল করে, এই সুশৃঙ্খল মহাবিশ্ব কি কেবল শক্তির পুনর্বিন্যাস, নাকি এটি একটি বিধানিক স্থাপত্য? এই প্রশ্নের উত্তর কেবল বৈজ্ঞানিক পরীক্ষাগারে সীমাবদ্ধ নয়, বরং এটি অর্থের গভীরতর উপলব্ধির বিষয়। বিশৃঙ্খলা বা ফ্যাসাদ এখানে মিজানের ব্যত্যয় হিসেবে গণ্য হয়, যা প্রযুক্তিগত ব্যর্থতার চেয়েও অস্তিত্বগত ভারসাম্যহীনতার প্রকাশ। পরিশেষে, কায়েনাত কেবল বস্তুসমষ্টি নয়, বরং একটি স্তরবিন্যস্ত আয়াত-সমগ্র, যেখানে প্রতিটি সত্তা তাওহিদি সত্যের ইশারা দেয় এবং এটি বোঝার জন্য বুদ্ধি, অভিজ্ঞতা ও ওহির সমন্বিত পদ্ধতি প্রয়োজন।
