বিএআরএফ-এর নতুন সভাপতি নিজামুল হক, সাধারণ সম্পাদক কাওসার আজম

দেশের কৃষিখাত নিয়ে কাজ করা সাংবাদিকদের শীর্ষ সংগঠন ‘বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স ফোরাম’ (বিএআরএফ)-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী দুই বছরের জন্য দৈনিক কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি নিজামুল হক সভাপতি এবং দৈনিক নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার কাওসার আজম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

শুক্রবার (১০ জুলাই) মাদারীপুরের হর্টিকালচার সেন্টারে আয়োজিত বিএআরএফ-এর দ্বি-বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি নির্বাচন করা হয়। ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মাঈনুল হাসান সোহেল, ভোরের কাগজের হরলাল রায় সাগর এবং কালবেলার ইউসুফ আরেফিনের সমন্বয়ে গঠিত নির্বাচন পরিচালনা কমিটি পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করে।

নতুন কমিটির অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন সহ-সভাপতি হিসেবে আমাদের সময়ের চপল মাহমুদ, যুগ্ম সম্পাদক হিসেবে এটিএন নিউজের ফেরদৌস রহমান, সাংগঠনিক সম্পাদক হিসেবে জাগোনিউজের মো. নাজমুল হুসাইন, অর্থ সম্পাদক হিসেবে যায়যায়দিনের নুরে আলম, দপ্তর সম্পাদক হিসেবে প্রতিদিনের বাংলাদেশের ফারুক আহমাদ আরিফ এবং প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক হিসেবে আজকের পত্রিকার সাইফুল মাসুম। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সময়ের আলোর রফিকুল ইসলাম সবুজ, ইত্তেফাকের মুন্না রায়হান, স্টার নিউজের ফয়জুল সিদ্দিকী, সমকালের জাহিদুর রহমান এবং ডেসটিনির শাফিউল আল ইমরান।

এর আগে শুক্রবার দুপুরে বিদায়ী সভাপতি রফিকুল ইসলাম সবুজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাওসার আজমের সঞ্চালনায় দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় অর্থ সম্পাদক মোহাম্মদ আইনাল হোসেন বিগত সেশনের আর্থিক প্রতিবেদন ও কার্যক্রম পেশ করেন, যা উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সভার শেষ পর্যায়ে কেক কেটে সংগঠনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন সদস্যরা।