চট্টগ্রামে ভয়াবহ বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পরিস্থিতি মোকাবিলায় ইতোমধ্যে এক লাখ মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) সকালে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণকালে মন্ত্রী এসব তথ্য জানান। তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, শুকনো খাবার ও রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে। সরকারি এই সহায়তা কার্যক্রম পুরোপুরি পুনর্বাসন সম্পন্ন না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।
বন্যার কারণে ক্ষতিগ্রস্ত বিভিন্ন সড়ক দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, কিছু সড়কের সংস্কার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। পতেঙ্গায় ত্রাণ বিতরণ শেষে মন্ত্রী চন্দনাইশের উদ্দেশে রওনা হন। পর্যায়ক্রমে তিনি সাতকানিয়া, লোহাগড়া ও বাঁশখালীসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করবেন বলে জানা গেছে।

