দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৬৫ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ আবারও বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২ জুলাই পর্যন্ত দেশের মোট বা গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৭ হাজার ৬৫৮ দশমিক ৬৩ মিলিয়ন বা ৩৭ দশমিক ৬৫ বিলিয়ন ডলারে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী, একই সময়ে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৩ হাজার ১৩ দশমিক ১৯ মিলিয়ন মার্কিন ডলারে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ৩০ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৭ হাজার ৫৬১ দশমিক ৮৯ মিলিয়ন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে এর পরিমাণ ছিল ৩২ হাজার ৯০০ দশমিক ৬৩ মিলিয়ন ডলার। সেই হিসাবে, মাত্র দুই দিনের ব্যবধানে রিজার্ভের সূচকে বেশ ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা গেছে।

খাত সংশ্লিষ্টরা জানান, আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী নিট রিজার্ভ গণনা করা হয়। মোট রিজার্ভ থেকে বিভিন্ন স্বল্পমেয়াদি দায় বাদ দিলে প্রকৃত বা নিট রিজার্ভের হিসাব পাওয়া যায়। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের মতে, সদ্য সমাপ্ত অর্থবছরে প্রবাসীদের পাঠানো রেকর্ড পরিমাণ রেমিট্যান্সের কারণেই বৈদেশিক মুদ্রার রিজার্ভে এমন ধারাবাহিক উন্নতি অব্যাহত রয়েছে।