সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ভূমিকা তদন্তে ট্রাইব্যুনালে আবেদন

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবাধিকার লঙ্ঘন ও আন্তর্জাতিক অপরাধের ঘটনায় সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভূমিকা তদন্তের দাবি জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি আবেদন জমা দেওয়া হয়েছে। রোববার (২৬ জুলাই) ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর এই আবেদনটি জমা দেন রাষ্ট্রসংলাপ আন্দোলন (এসডিআরপি)-এর কেন্দ্রীয় সদস্য সচিব আহমেদ শামীম, কেন্দ্রীয় সংগঠক মহসিন এবং জুলাই আন্দোলনে আহত আল নূর মোহাম্মদ আয়াস।

আবেদনকারী আল নূর মোহাম্মদ আয়াস জানান, তৎকালীন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রত্যক্ষ বা পরোক্ষ সহায়তা ও প্ররোচনায় আন্দোলনকারীদের ওপর হামলা, গুম ও নির্যাতনের ঘটনা ঘটেছে বলে তারা অভিযোগ করেছেন। তিনি দাবি করেন, এ বিষয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়া হলেও আন্দোলনকারীদের ওপর নির্যাতন বন্ধে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

আবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, আন্দোলনের সময় ময়মনসিংহের নওয়াব রোড এলাকা থেকে আল নূর মোহাম্মদ আয়াসকে তুলে নিয়ে একটি অজ্ঞাত স্থানে আটকে রাখা হয়। সেখানে তার চোখ-মুখ বেঁধে তাকে মানসিক ও শারীরিক নির্যাতন করা হয়। তিনি চিকিৎসার মাধ্যমে সুস্থ হলেও সেই সময়ের দমন-পীড়নের ঘটনায় তৎকালীন রাষ্ট্রপতির ভূমিকা নিরপেক্ষভাবে তদন্ত করার দাবি জানিয়েছেন। আবেদনকারীরা সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত