সুনামগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র হোসেন আহমেদ রাসেলকে মদ্যপ অবস্থায় আটক করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার (৪ঠা আগস্ট) মধ্যরাতে সুনামগঞ্জ শহরের সদর থানা সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার মধ্যরাতে থানা সংলগ্ন এলাকায় হোসেন আহমেদ রাসেল মদ্যপ অবস্থায় মাতাল হয়ে ঘোরাফেরা করছিলেন। এ সময় সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ নিয়মিত টহলে বের হলে তাকে জনসমাগমের মধ্যে মদ্যপ অবস্থায় পাওয়া যায়। এছাড়া তার বিরুদ্ধে জনসমক্ষে অকথ্য ভাষা ব্যবহারের অভিযোগও রয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে তাকে আটক করা হয় এবং বুধবার সকালে মাদকাসক্ত থাকার দায়ে তাকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
উল্লেখ্য, হোসেন আহমেদ রাসেলের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন আইনি অভিযোগ রয়েছে। ২০২০ সালে সুনামগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ের এক কর্মচারীকে মারধরের অভিযোগে দায়ের করা মামলায় তিনি কারাগারে গিয়েছিলেন। এছাড়া ২০১৯ সালে রোহিঙ্গা নাগরিকদের ভূয়া জন্মনিবন্ধনে সহায়তা করার অপরাধে পুলিশ বাদী হয়ে হোসেন আহমেদ রাসেলসহ মোট ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল।

