নরসিংদীর রায়পুরায় নদীতে গোসলে নেমে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চান্দেরকান্দী ইউনিয়নের বড়কান্দা এলাকার কাকন নদীতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে। নিহত শিশুরা সবাই স্থানীয় গাউছিয়া নূরে মদিনা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী ছিল। নিহতরা হলো বড়কান্দা গ্রামের শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), রুবেল মিয়ার মেয়ে জান্নাত ইসলাম (৯) ও আশেয়া (৯) এবং বিল্লাল মিয়ার মেয়ে সুমাইয়া (১০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মাদ্রাসা ছুটির পর বাড়ি ফেরার পথে ছয় শিশু মিলে কাকন নদীতে গোসলে নামে। এ সময় একজন শিশু পানিতে তলিয়ে যেতে থাকলে তাকে বাঁচানোর চেষ্টায় অন্যরা পানিতে নামলে তারাও বিপদে পড়ে। পরে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গিয়ে তিন শিশুকে উদ্ধার করে দ্রুত রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আশরাফুর রহমান জানান, তাদের হাসপাতালে তিনজনকে মৃত অবস্থায় আনা হয়েছিল। উদ্ধার হওয়া অন্য শিশুদের মধ্যে একজনকে বাসায় নেওয়ার পর তার মৃত্যু হয়। ঘটনার পর আরও দুই শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে, তবে এখনো একজন শিশু নিখোঁজ রয়েছে। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানিয়েছেন, পরিবারের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

