গাইবান্ধার সাদুল্লাপুরে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৫ বছর বয়সী শিশু আব্দুল্লাহর মৃত্যু হয়েছে। দোকান থেকে আইসক্রিম কিনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় পিষ্ট হয়ে সে প্রাণ হারায়।
শুক্রবার (৫ জুন) দুপুরে সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের দক্ষিণ মন্দুয়ার গ্রামের শাহানা ফিলিং স্টেশনের সামনের সাদুল্লাপুর-গাইবান্ধা আঞ্চলিক সড়কে এই ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ দক্ষিণ মন্দুয়ার গ্রামের সামিউল ইসলামের দ্বিতীয় পুত্র।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, শাহানা ফিলিং স্টেশনের সামনের দোকান থেকে শিশু আব্দুল্লাহ একাই আইসক্রিম কিনতে গিয়েছিল। আইসক্রিম কিনে বাড়ি ফেরার জন্য দৌড়ে রাস্তা পার হওয়ার সময় গাইবান্ধা থেকে সাদুল্লাপুরমুখী একটি দ্রুতগতির ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তার ধাক্কা লাগে। এতে সে রাস্তায় পড়ে যায় এবং অটোরিকশার চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে সাদুল্লাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়। তবে, হাসপাতালে পৌঁছানোর পথেই আব্দুল্লাহর মৃত্যু হয়।
সদা হাস্যোজ্জ্বল অবুঝ শিশু আব্দুল্লাহর এমন অকাল মৃত্যুতে তার পরিবার ও গ্রামবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
