মতলবে দুই মাস ধরে গ্যাস লিকেজ, আতঙ্কে স্থানীয়রা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নবকলস এলাকায় দীর্ঘ দুই মাস ধরে বাখরাবাদ গ্যাসের একটি আবাসিক পাইপলাইন থেকে অবিরত গ্যাস বের হচ্ছে। জনবহুল এই এলাকাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, কারণ এর পাশেই রয়েছে মতলব সরকারি কলেজ এবং প্রধান সড়ক।

শুক্রবার সরেজমিনে দেখা যায়, পাইপলাইন থেকে গ্যাস বুদবুদ আকারে অবিরাম নির্গত হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ সময় ধরে গ্যাস নিঃসরণ চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। স্থানীয়রা জানান, পাইপলাইনের কিছু অংশ পানির ওপর এবং কিছু অংশ পানির নিচে রয়েছে। পানির নিচে থাকা অংশটি দিয়ে সারাক্ষণ বুদবুদ করে গ্যাস বের হতে দেখা যায়।

এলাকাবাসী রাসেল প্রধান বলেন, পাইপলাইনটি দ্রুত মেরামত করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। জনবসতিপূর্ণ এলাকা এবং পাশেই শিক্ষাপ্রতিষ্ঠান থাকায় প্রতিদিন শত শত মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।

এ বিষয়ে চাঁদপুর বাখরাবাদ গ্যাস আঞ্চলিক বিতরণ কার্যালয়ের ব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী মীর ফজলে রাব্বি জানান, বিষয়টি সম্পর্কে তিনি আগে অবগত ছিলেন না। তবে এখন যেহেতু জেনেছেন, দ্রুত পাইপলাইনটি মেরামতের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি নিশ্চিত করেছেন।

শুক্রবার (৩ জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায়, পাইপলাইন থেকে গ্যাস বুদবুদ আকারে অবিরাম বের হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এভাবে গ্যাস বের হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। ফলে এলাকাবাসীরা আতঙ্কে দিন কাটাচ্ছেন।