গ্যাস পাইপলাইন স্থানান্তর ও বিতরণের প্রয়োজনীয় কাজের স্বার্থে দেশের নির্দিষ্ট কিছু এলাকায় আজ রবিবার (২৮ জুন) সকাল থেকে একটানা ২৪ ঘণ্টার জন্য গ্যাস সংযোগ বন্ধ রাখা হবে। গত শুক্রবার (২৬ জুন) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।
প্রতিষ্ঠানটির ভাষ্যমতে, সাসেক প্রকল্পের অধীনে ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন কাজের অংশ হিসেবে রূপগঞ্জের গোলাকান্দাইল মোড় এলাকায় বিদ্যমান গ্যাস সঞ্চালন ও বিতরণ লাইন সরিয়ে নেওয়ার কাজ করা হবে।
এই কাজের জন্য রবিবার সকাল ৯টা থেকে সোমবার (২৯ জুন) সকাল ৯টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা ভুলতা, গাউছিয়া, মুড়াপাড়া, আড়াইহাজার ও কাঞ্চন এলাকার সব শ্রেণির গ্রাহকের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া উল্লিখিত এলাকার আশেপাশের অঞ্চলে গ্যাসের স্বল্পচাপ অথবা সরবরাহ বিঘ্নিত হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সাময়িক এই অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
