গাজী নজরুলের সংসদ সদস্য পদ নিয়ে যা বললেন শিশির মনির

নৈতিক স্খলনের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম তার সংসদ সদস্য পদ ধরে রাখতে পারবেন কি না, তা নিয়ে নিজের আইনি মতামত তুলে ধরেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট শিশির মনির। বুধবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই বিষয়টি নিয়ে আলোকপাত করেন।

ফেসবুক স্ট্যাটাসে শিশির মনির উল্লেখ করেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদে পদত্যাগের বিষয়টি উল্লেখ থাকলেও গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি বলেন, জামায়াতে ইসলামী নৈতিক স্খলনের বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করছে। আইনজীবী শিশির মনিরের মতে, এই পরিস্থিতিতে সংসদ সদস্য হিসেবে তার থাকা সম্ভব নয়।

উল্লেখ্য, গত সোমবার রাত থেকে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের একটি 'ব্যক্তিগত মুহূর্তের' ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর ফলে ব্যাপক সমালোচনার মুখে পড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংগঠনের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তদন্ত শেষে নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করে দলটি।

কন্টেন্ট: সংগৃহীত