সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ভাইরাল হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে নানা বক্তব্য ছড়িয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের আনুষ্ঠানিক অবস্থান স্পষ্ট করেছে।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৫টা ২১ মিনিটে জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি বিবৃতি প্রকাশ করা হয়। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই বিবৃতি প্রদান করেন।
বিবৃতিতে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের উল্লেখ করেন যে, সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব খবর প্রচারিত হচ্ছে, সেগুলোর দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নজর রাখছে।
দলটির পক্ষ থেকে আরও জানানো হয়, এরই মধ্যে বিষয়টি নিয়ে গাজী নজরুল ইসলামের নিজের বিবৃতি, তার প্রথম ও দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর পিতার ভিডিও বক্তব্য মিডিয়াতে প্রকাশিত হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী আরও বিস্তারিত খোঁজ-খবর নিচ্ছে। প্রকৃত ঘটনার তথ্য-উপাত্ত সংগ্রহ করার পর দলের সাংগঠনিক নিয়ম অনুযায়ী এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও বিবৃতিতে জানানো হয়।

