স্বর্ণের দামে বড় পতন, কমল রুপার দরও

টানা দুই দফা মূল্যবৃদ্ধির পর দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের সমন্বয় এনেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাজুস নতুন এই মূল্য তালিকা প্রকাশ করে, যা ওইদিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা, যা আগের তুলনায় ৩ হাজার ৩২৪ টাকা কম। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই নতুন দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা ও ডিজাইন অনুযায়ী মজুরি আলাদাভাবে প্রযোজ্য হবে। সংগঠনটি আরও স্পষ্ট করেছে যে, স্বর্ণালঙ্কার ও রৌপ্য অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে বাজুসের আগের নিয়মই বহাল থাকবে।

এর আগে গত ২২ জুলাই বাজুস স্বর্ণের দাম বাড়িয়েছিল। সেই সময় প্রতি ভরিতে ২ হাজার ৭৪১ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়েছিল।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও সমন্বয় করা হয়েছে। প্রতি ভরিতে ১৭৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৬০৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত