অপব্যবহারের আশঙ্কায় গুগল আর্থের এআই ছবি ফিচার বন্ধ

বিশ্বজুড়ে উন্মোচনের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই গুগল আর্থের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-ভিত্তিক ছবি তৈরির ফিচারটি বন্ধ করে দিয়েছে গুগল। স্যাটেলাইট ইমেজে ভুয়া ও বিভ্রান্তিকর দৃশ্য তৈরির ঝুঁকি এবং এর সম্ভাব্য অপব্যবহারের আশঙ্কায় প্রযুক্তি প্রতিষ্ঠানটি এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, ফিচারটি ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারীরা বাস্তব স্যাটেলাইট ছবির ওপর কৃত্রিমভাবে বিভিন্ন ঘটনা যুক্ত করতে পারছিলেন। এর ফলে ভুল তথ্য ও অপপ্রচার ছড়ানোর একটি বড় ঝুঁকি তৈরি হয়েছিল। ৩১ জুলাই এক বিবৃতিতে গুগল জানায়, ভূ-স্থানিক বা জিওস্পেশাল পেশাজীবীরা ইতিবাচক কাজে ফিচারটি ব্যবহার করলেও, নীতিমালা লঙ্ঘনকারী বেশ কিছু স্ক্রিনশট তাদের নজরে এসেছে। তাই আরও শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না করা পর্যন্ত এটি সরিয়ে নেওয়া হয়েছে।

গত ৩০ জুলাই গুগল এই টুলটি চালুর ঘোষণা দিয়েছিল। তাদের পরিকল্পনা ছিল শিক্ষার্থীদের ইতিহাসভিত্তিক দৃশ্য কল্পনা, রিয়েল এস্টেট বিপণন এবং সৃজনশীল কাজে টুলটি ব্যবহার করতে দেওয়া। গুগল আর্থের পণ্য ব্যবস্থাপক ব্রায়ান হোরোভিটজ জানিয়েছিলেন, ব্যবহারকারীরা স্যাটেলাইট, আকাশ থেকে তোলা এবং থ্রিডি ছবির ওপর 'ন্যানো বানানা' এআই মডেল ব্যবহার করে নিজের পছন্দমতো ছবি তৈরি করতে পারবেন। এর প্রক্রিয়াটি ছিল সহজ; গুগল আর্থে কোনো স্থানে জুম করে 'ক্রিয়েট ইমেজ' অপশনে ক্লিক করে ব্যবহারকারীকে শুধু লিখে দিতে হতো তিনি কী দেখতে চান।

তবে ফিচারটি চালুর পরপরই তথ্য যাচাইকারী সাংবাদিক ও ওএসআইএনটি গবেষকদের মধ্যে তীব্র উদ্বেগ দেখা দেয়। ওয়াশিংটন পোস্টের সাংবাদিক ও ভিজ্যুয়াল ফরেনসিক বিশেষজ্ঞ ইভান হিল জানান, এই প্রযুক্তির অপব্যবহারের সুযোগ ছিল সীমাহীন। গবেষক হেনক ভ্যান এস দাবি করেছেন, কোনো কার্যকর ফিল্টার ছাড়াই তিনি মেক্সিকো সীমান্তে শরণার্থী, ইরানের পারমাণবিক স্থাপনা, আমস্টারডামে বিমান দুর্ঘটনা এবং গাজার হাসপাতালে বোমা হামলার গর্ত তৈরির মতো ভুয়া দৃশ্য তৈরি করতে সক্ষম হয়েছেন।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমও এই ঝুঁকি তুলে ধরতে টুলটি ব্যবহার করে কিছু কৃত্রিম ছবি প্রকাশ করেছে। এর মধ্যে এনপিআর-এর ছবিতে ইরানে অগ্নিকাণ্ড ও ওয়াশিংটন ডিসিতে বন্যার দৃশ্য এবং বিবিসির ছবিতে আইফেল টাওয়ার ও গিজার পিরামিড ধসে পড়ার কাল্পনিক দৃশ্য দেখানো হয়েছে। সমালোচনার মুখে গুগলের ভাষ্য, এআই-নির্মিত এসব ছবি গুগল আর্থের মূল মানচিত্রে প্রদর্শিত হচ্ছিল না এবং প্রতিটি ছবিতে এআই-নির্মিত হওয়ার জলছাপও যুক্ত ছিল। উল্লেখ্য, ২০০৫ সালে চালু হওয়া গুগল আর্থ এমন একটি প্ল্যাটফর্ম যেখানে ব্যবহারকারীরা স্যাটেলাইট ছবি ও থ্রিডি ভূখণ্ড ব্যবহার করে পৃথিবী ভ্রমণ করতে পারেন।

কন্টেন্ট: সংগৃহীত