গুগল তাদের জেমিনি অ্যাপের নতুন একটি সুবিধা আরও বেশি ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে। এখন থেকে যুক্তরাষ্ট্রের যোগ্য ব্যবহারকারীরা কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি প্রদান ছাড়াই এআইনির্ভর উন্নত ছবি তৈরির টুলটি ব্যবহার করতে পারবেন।
গুগলের এই নতুন ফিচারটি মূলত তাদের ‘পারসোনাল ইন্টেলিজেন্স’ প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে জেমিনি ব্যবহারকারীর ব্যক্তিগত পছন্দ, অভ্যাস ও প্রয়োজন বিশ্লেষণ করে অত্যন্ত ব্যক্তিকেন্দ্রিকভাবে কাজ করতে সক্ষম। ব্যবহারকারীর অনুমতি সাপেক্ষে জেমিনি এখন জিমেইল, গুগল ফটোস, ইউটিউব এবং গুগল সার্চের মতো বিভিন্ন সেবা থেকে প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করতে পারে। সংগৃহীত তথ্যের ভিত্তিতে এআই সেবাটি ব্যবহারকারীর জন্য আরও ব্যক্তিগত ও প্রাসঙ্গিক ছবি তৈরি করবে। তবে গুগল জানিয়েছে, ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের নিয়ন্ত্রণ পুরোপুরি তাদের হাতেই থাকবে। সেটিংস অপশন থেকে ব্যবহারকারীরা যেকোনো সময় জেমিনাইর সঙ্গে বিভিন্ন গুগল সেবার সংযোগ চালু বা বন্ধ করার সুযোগ পাবেন।
নতুন এই সুবিধার কাঠামোয় গুগলের ‘পারসোনাল ইন্টেলিজেন্স’ কাঠামোর সঙ্গে ‘ন্যানো বানানা’ প্রসেসিং মডেল এবং গুগল ফটোস প্ল্যাটফর্মকে যুক্ত করা হয়েছে। এর ফলে জেমিনি সংযুক্ত অ্যাপগুলো বিশ্লেষণ করে ব্যবহারকারীর জীবনযাপন ও রুচি সম্পর্কে ধারণা নিতে পারে, যা ছবি তৈরির জন্য দীর্ঘ ও বিস্তারিত নির্দেশনা লেখার প্রয়োজনীয়তা অনেক কমিয়ে দেবে।
গুগল তাদের এক ব্লগ পোস্টে জানিয়েছে, এখন ব্যবহারকারীরা সাধারণ নির্দেশনা দিলেই কাঙ্ক্ষিত ছবি তৈরির প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এছাড়া জেমিনি গুগল ফটোসে সংরক্ষিত ছবিগুলো থেকে প্রয়োজনীয় তথ্য স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহ করতে পারে, যার ফলে আলাদাভাবে ছবি আপলোড করার প্রয়োজন পড়ে না। গুগলের দাবি, তাদের এই প্রযুক্তি স্বয়ংক্রিয়ভাবে প্রয়োজনীয় পটভূমি ও তথ্য বিশ্লেষণ করতে সক্ষম, যা ব্যবহারকারীদের সময় বাঁচাবে এবং সৃজনশীল কাজে মনোযোগ দিতে সহায়তা করবে।
