কাঁচা মরিচের দাম কমাতে আমদানির অনুমতি দিল সরকার

কাঁচা মরিচের অস্বাভাবিক দাম নিয়ন্ত্রণে আনতে আমদানির অনুমতি দিয়েছে সরকার। কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, আগামীকাল থেকেই এই আমদানি কার্যক্রম শুরু হবে।

রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শনের সময় বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং খাদ্য প্রতিমন্ত্রী মো. আবদুল বারী উপস্থিত ছিলেন। এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালামও সেখানে ছিলেন।

শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শন শেষে কৃষিমন্ত্রী গণমাধ্যমকর্মীদের জানান, বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় কাঁচা মরিচের দাম স্থিতিশীল রাখার লক্ষে সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে। তিনি জানান, কাঁচা মরিচ আমদানির ওপর বিদ্যমান কর কমানো হচ্ছে এবং আমদানির অনুমতিও দেওয়া হয়েছে। কৃষিমন্ত্রী আশা প্রকাশ করেন, আমদানি কার্যক্রম শুরু হওয়ার পর দুই থেকে পাঁচ দিনের মধ্যে কাঁচা মরিচের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে বা সহনীয় পর্যায়ে নেমে আসবে।

বর্তমানে রাজধানীর বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ কিনতে ৩২০ থেকে ৩৮০ টাকা খরচ হচ্ছে। তবে দুই-তিন দিন আগে এই দর ৪০০ টাকা পর্যন্ত উঠেছিল, যা সাধারণ ভোক্তাদের জন্য বড় ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শনের সময় বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় বাজার স্থিতিশীল রাখতে সরকার সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। তিনি গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, আপনারা সরেজমিনে যা দেখবেন, তা বস্তুনিষ্ঠভাবে জনগণের সামনে তুলে ধরবেন। এতে মানুষ সচেতন হবে এবং বিভ্রান্তি কমবে। কেউ যেন বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি বা মূল্য কারসাজির সুযোগ না পায়, সে বিষয়েও তিনি সতর্কবার্তা দেন।

এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অত্যাবশ্যকীয় ও নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও কৃষি পণ্যের বাজার পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণসংক্রান্ত একটি সভায় বাণিজ্যমন্ত্রী, কৃষিমন্ত্রী এবং খাদ্য প্রতিমন্ত্রী অংশ নেন। সেই সভা থেকেই তারা সরাসরি শান্তিনগর কাঁচাবাজারে পরিস্থিতি পর্যবেক্ষণে যান।

কন্টেন্ট: সংগৃহীত