জনপ্রিয় স্বল্পদৈর্ঘ্য ভিডিও প্ল্যাটফর্ম টিকটক ও বিনোদন জায়ান্ট ওয়াল্ট ডিজনি একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে। বুধবার আনুষ্ঠানিকভাবে ঘোষিত এই চুক্তির মাধ্যমে টিকটকের নির্মাতারা (ক্রিয়েটর) এখন থেকে ডিজনির বিভিন্ন সিনেমা ও টিভি অনুষ্ঠানের চরিত্র ব্যবহার করে নতুন ভিডিও তৈরি করার সুযোগ পাবেন। কোনো মূলধারার গণমাধ্যমের সঙ্গে টিকটকের এটিই প্রথম ধরনের চুক্তি।
দুই প্রতিষ্ঠানের যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, এই চুক্তির আওতায় টিকটকের নির্মাতারা পিক্সার, মার্ভেল, স্টার ওয়ার্স ও এফএক্স ব্র্যান্ডের শত শত চলচ্চিত্র ও সিরিজের উপাদান ব্যবহার করতে পারবেন। এই উদ্যোগের একটি বিশেষ দিক হলো, টিকটকের বাছাই করা কিছু ভিডিও ডিজনির নিজস্ব স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিজনি প্লাসেও প্রদর্শিত হবে। ডিজনি প্লাসে এসব ভিডিও ‘ভার্টস’ নামে একটি নতুন ট্যাবের অধীনে রাখা হবে। মোবাইল ফোনের উল্লম্ব পর্দায় ভিডিও দেখতে অভ্যস্ত তরুণ দর্শকদের আকৃষ্ট করতেই এমন কৌশল গ্রহণ করা হয়েছে। টিকটকের ভিডিও অন্য কোনো প্ল্যাটফর্মে প্রদর্শিত হওয়ার ঘটনা এটিই প্রথম।
আগামী কয়েক মাসের মধ্যে যুক্তরাষ্ট্রে পরীক্ষামূলকভাবে এই কর্মসূচি শুরু হবে এবং পরবর্তীতে অন্যান্য দেশেও এটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। যদিও এই চুক্তির আর্থিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি। বর্তমানে নেটফ্লিক্স, পিকক ও প্যারামাউন্ট প্লাসের মতো স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো টিকটকের মতো লম্বালম্বি ভিডিও ফরম্যাটের প্রতি গুরুত্ব দিচ্ছে, যা এই অংশীদারিত্বকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।
বিশ্লেষকদের মতে, টিকটকের সঙ্গে এই অংশীদারিত্ব ডিজনি প্লাসে নতুন ধরনের কনটেন্ট যুক্ত করবে এবং স্ট্রিমিং সেবাটিতে আরও বেশি দর্শক টানতে সহায়তা করবে। টিকটকের তথ্য অনুযায়ী, গত বছর প্ল্যাটফর্মটির ব্যবহারকারীরা প্রতিদিন গড়ে ৬৫ লাখ চলচ্চিত্র ও টিভি অনুষ্ঠান-সংশ্লিষ্ট পোস্ট শেয়ার করেছেন। জরিপ অনুযায়ী, টিকটকে কনটেন্ট দেখার পর প্রায় অর্ধেক দর্শক সংশ্লিষ্ট সিনেমা বা টিভি অনুষ্ঠান দেখার প্রতি আগ্রহী হয়েছেন।
ডিজনির প্রধান বিপণন ও ব্র্যান্ড কর্মকর্তা আসাদ আয়াজ বলেন, গল্প বলা আর সেই গল্পকে ঘিরে ভক্তদের সৃজনশীল প্রকাশ—এই দুইয়ের মধ্যে নতুন সংযোগ তৈরি করবে এই অংশীদারিত্ব। ডিজনি গল্প তৈরি করবে এবং সেই গল্প থেকে অনুপ্রাণিত হয়ে টিকটকের নির্মাতারা নতুনভাবে সৃজনশীল কনটেন্ট তৈরি করবেন, যা গল্প বলা ও ভক্তদের সৃজনশীলতার মধ্যে নতুন সেতুবন্ধ গড়ে তুলবে।

