জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, তারা একটি বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখেন। এই স্বপ্ন পূরণের লক্ষ্যেই তারা জুলাই আন্দোলন করেছিলেন এবং পরবর্তীতে রাজনৈতিক দল গঠন করেছেন। বুধবার (২২ জুলাই) বাগেরহাটে আয়োজিত ‘জুলাই পদযাত্রা ও পথসভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ বলেন, স্থানীয় সরকার নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনে এনসিপি এমন সব প্রার্থীকেই মনোনয়ন দেবে, যাদের কাছ থেকে সেবা পেতে সাধারণ মানুষের কোনো রাজনৈতিক পরিচয়ের প্রয়োজন হবে না। তিনি আরও জানান, অর্থের বিনিময়ে সেবা নেওয়া বন্ধ করাই তাদের উদ্দেশ্য এবং যারা দেশের ও জনগণের কল্যাণে কাজ করতে আগ্রহী, দল তাদেরই মনোনয়ন দেবে।
পথসভায় সভাপতিত্ব করেন এনসিপির বাগেরহাট জেলা সমন্বয়ক মোরশেদ আনোয়ার সোহেল। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এবং জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক জাহিদ আহসানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

