বিকাশ-নগদ-রকেটের সার্ভিস চার্জ কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ, রকেট ও নগদের মাধ্যমে গ্রাহকের লেনদেনে অতিরিক্ত সার্ভিস চার্জ কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে, ভোক্তা সুরক্ষা ও জবাবদিহি নিশ্চিত করতে কেন একটি নির্দিষ্ট ‘মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস আইন’ প্রণয়নের নির্দেশ দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে। রোববার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এই রুল দেন।

রিট আবেদনকারী আইনজীবী মো. ওবাইদুল্যাহ আল মামুন জানান, ২০২২ সালের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রবিধানমালার আওতায় এই সেবাগুলো পরিচালিত হচ্ছে। তার দাবি, ব্যাংকগুলোতে লেনদেনের বিপরীতে নির্দিষ্ট অংকে চার্জ নেওয়া হলেও বিকাশ, রকেট ও নগদ শতকরা হারে চার্জ কাটছে, যা প্রবিধানের ২ ও ৯ বিধির পরিপন্থী। তিনি উদাহরণ দিয়ে বলেন, ব্যাংকিং অ্যাপের মাধ্যমে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে লাখ টাকা লেনদেনে সাধারণত ১০ টাকা খরচ হয়, কিন্তু এমএফএস অ্যাপগুলোর মাধ্যমে প্রতি হাজারে ১০ টাকা হিসেবে এক লাখ টাকায় এক হাজার টাকা সার্ভিস চার্জ কাটা হচ্ছে।

আবেদনকারী আরও উল্লেখ করেন, এমএফএস সেবা মূলত ব্যাংক হিসাবের বাইরে থাকা ব্যক্তিদের জন্য চালু করা হয়েছিল, কিন্তু বর্তমানে অতিরিক্ত সার্ভিস চার্জ আরোপ করা হচ্ছে। রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ওবাইদুল্যাহ আল মামুন নিজেই এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আবদুস সামাদ আজাদ। আদালত অর্থসচিব, ডাক ও টেলিযোগাযোগসচিব এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত