ইয়েমেনে সৌদি বাহিনী ও তাদের ঘাঁটির নিরাপত্তা নেই: হুথি নেতা

ইয়েমেনের হুথি আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর সদস্য হিজাম আল-আসাদ সৌদি আরবের সেনাবাহিনী এবং তাদের সঙ্গে থাকা ভাড়াটে যোদ্ধাদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। শুক্রবার (০৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে, ইয়েমেনে অবস্থানরত সৌদি বাহিনী, তাদের ভাড়াটে যোদ্ধা এবং তাদের ব্যবহৃত সামরিক ঘাঁটিগুলোর জন্য কোনো নিরাপত্তা নেই।

আল-আসাদ আরও বলেন, যেসব দেশ হুথিদের সামরিক অভিযানের সমালোচনা করছে, তারা চাইলে নিজেদের ভূখণ্ডে সৌদি সামরিক ঘাঁটি স্থাপনের অনুমতি দিতে পারে এবং নিজেদের নাগরিকদের মধ্য থেকে ভাড়াটে যোদ্ধা নিয়োগের সুযোগও দিতে পারে।

অন্য একটি পোস্টে এই হুথি কর্মকর্তা দাবি করেন, নিজেদের অধিকার পুনরুদ্ধার, ইয়েমেনের ওপর চলমান অবরোধ প্রত্যাহার এবং জনগণের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পথে যারা বাধা সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া হুথি সশস্ত্র বাহিনীর জন্য অপরিহার্য হয়ে পড়েছে। তিনি আরও মন্তব্য করেন যে, জাতীয়তা নির্বিশেষে যারা ইয়েমেনিদের অধিকার আদায়ের পথে বাধা হয়ে দাঁড়াবে, তাদের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

কন্টেন্ট: সংগৃহীত