মিরসরাই বেপজায় ৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান হুয়ারান টেক্স

চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে একটি নতুন টেক্সটাইল পণ্য উৎপাদন কারখানা স্থাপনের ঘোষণা দিয়েছে চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান হুয়ারান টেক্স কোম্পানি লিমিটেড। এই প্রকল্পের আওতায় প্রতিষ্ঠানটি ৩০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে।

গত ১৬ জুলাই ঢাকার বেপজা কমপ্লেক্সে বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) এবং হুয়ারান টেক্স কোম্পানি লিমিটেড-এর মধ্যে এই সংক্রান্ত একটি ভূমি ইজারা চুক্তি স্বাক্ষরিত হয়। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং হুয়ারান টেক্স কোম্পানি লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মি. বিন ওয়াং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি প্রত্যক্ষ করেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি, এমফিল।

৩৬ হাজার বর্গমিটার জমির ওপর নির্মিতব্য এই কারখানাটি পূর্ণমাত্রায় উৎপাদনে গেলে বছরে ২৪ হাজার টন সুতা এবং ২০ মিলিয়ন মিটার গ্রে ওভেন ফেব্রিক তৈরি করতে সক্ষম হবে। প্রকল্পটির মাধ্যমে ৫৮০ জন বাংলাদেশি নাগরিকের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান হুয়ারান টেক্স কোম্পানি লিমিটেডকে বিনিয়োগের গন্তব্য হিসেবে বাংলাদেশ তথা বেপজা অর্থনৈতিক অঞ্চলকে বেছে নেওয়ার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, বিনিয়োগকারীদের জন্য একটি নিরাপদ, আধুনিক ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বেপজা বদ্ধপরিকর। এছাড়া, বেপজা অর্থনৈতিক অঞ্চলে সফল ও নির্বিঘ্ন ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য প্রতিষ্ঠানটিকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, প্রকল্প পরিচালক মোহাম্মদ এনামুল হক এবং নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম. আনোয়ার পারভেজসহ বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত