রাষ্ট্রপতির পদত্যাগে স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান মন্তব্য করেছেন যে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের মধ্য দিয়ে দেরিতে হলেও জাতির ওপর থেকে স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে ডা. শফিকুর রহমান জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানান। একইসঙ্গে তিনি নবনিযুক্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে নিরপেক্ষতা, সততা ও সংবিধানসম্মতভাবে নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে জামায়াত আমির বলেন, গণঅভ্যুত্থানের অন্যতম প্রধান দাবি ছিল সাহাবুদ্দিন চুপ্পু যেন রাষ্ট্রপতির পদে না থাকেন। তিনি উল্লেখ করেন, অতীতে সাহাবুদ্দিন চুপ্পু শেখ হাসিনার কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার কথা স্পষ্টভাবে বললেও পরবর্তীতে তা অস্বীকার করে মিথ্যাচার করেছিলেন, যা রাষ্ট্রপতি হিসেবে নেয়া শপথের লঙ্ঘন।

সদ্য সাবেক রাষ্ট্রপতির কঠোর সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, ২০২৪ সালের গণহত্যায় তিনি নীরব সহযোগীর ভূমিকা পালন করেছেন। তিনি আশা প্রকাশ করেন যে, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নির্মোহ ও নিরপেক্ষভাবে তার দায়িত্ব পালন করবেন এবং এই প্রক্রিয়ায় জামায়াতে ইসলামী তাকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। এছাড়া, পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে তিনি এমন কাউকে প্রত্যাশা করেন, যিনি তোষামোদকারী হবেন না।