সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের জেবেল আলি শিল্প এলাকায় একের পর এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মেহর নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, আমিরাতের কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া তথ্যে জানা গেছে, মাত্র ২০ মিনিটের ব্যবধানে এলাকাটিতে অন্তত সাতটি শক্তিশালী বিস্ফোরণ রেকর্ড করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণের পরপরই শহরের আকাশ ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে। কিছু ভিডিওতে একটি আবাসিক এলাকার কাছাকাছি ধোঁয়া উড়তে দেখা গেলেও এনডিটিভি জানিয়েছে, এসব ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
বিস্ফোরণের কারণ সম্পর্কে এখন পর্যন্ত আমিরাত কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে নাসার থার্মাল ইমেজিং রিপোর্টের বরাত দিয়ে মেহর নিউজ জানিয়েছে, শিল্প এলাকার পার্শ্ববর্তী একটি গুদামে আগুন লেগেছে। এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। এদিকে, আল ফুরজান এলাকার বাসিন্দারা এওএল নিউজকে জানিয়েছেন, বিস্ফোরণের সময় তারা বিকট 'ধুপধাপ' শব্দ শুনতে পেয়েছেন।
ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। অভিযোগ রয়েছে, তারা বিস্ফোরণের ঘটনাটি রেকর্ড করার চেষ্টা করছিলেন। জেবেল আলি এলাকাটি দুবাই শহরের কেন্দ্র থেকে প্রায় ২৫ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত এবং এটি আরব আমিরাতের অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত। এখানে কৃত্রিম দ্বীপপুঞ্জ পাম জেবেল আলি ছাড়াও বিশ্বের বৃহত্তম মানবসৃষ্ট বন্দরের পাশে একটি মুক্ত বাণিজ্য অঞ্চল রয়েছে, যা আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ইরাকের বিভিন্ন সংবাদমাধ্যম দাবি করেছে যে, ইয়েমেন থেকে সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এ ধরনের দাবির প্রেক্ষিতে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এই হামলার ঘটনা ঘটেছে। তবে এসব দাবির বিষয়ে আমিরাতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

