২৪ জুলাই: কারফিউ ও চিরুনি অভিযানে দেশজুড়ে ১৪০০ জন গ্রেপ্তার

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর ২০২৪ সালের ২৪ জুলাই ছিল দেশজুড়ে অত্যন্ত উত্তেজনাকর একটি দিন। টানা পঞ্চম দিনের মতো সারা দেশে কারফিউ বলবৎ থাকলেও নির্দিষ্ট সময়ের জন্য তা শিথিল করা হয়েছিল। এই পরিস্থিতির মধ্যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ‘চিরুনি অভিযান’ অব্যাহত রাখে এবং দেশব্যাপী ব্যাপক গ্রেপ্তার অভিযান পরিচালনা করে।

সেদিন সারা দেশে আন্দোলনকারী ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় ১ হাজার ৪০০ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে কেবল রাজধানী ঢাকাতেই গ্রেপ্তারের সংখ্যা ছিল ৬৪১ জন। ১৭ থেকে ২৪ জুলাই পর্যন্ত আট দিনে সারা দেশে মোট গ্রেপ্তারের সংখ্যা প্রায় সাড়ে চার হাজারে গিয়ে দাঁড়ায়। এই আট দিনে রাজধানীতে ১ হাজার ৭৫৮ জন এবং চট্টগ্রামে ৭০৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বড় একটি অংশ বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মী বলে জানা গেছে।

তৎকালীন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ জানিয়েছিলেন, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করার মাধ্যমেই অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তার করা হচ্ছে।

কন্টেন্ট: সংগৃহীত