খাগড়াছড়িতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

খাগড়াছড়িতে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শরিফ হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার সিঙ্গিনালা এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু। স্থানীয়দের তথ্যমতে, শরিফ হোসেন ওই এলাকার বাসিন্দা এহসানুল হক ওরফে রুবেল ভান্ডারির বাড়িতে গরুর ঘাস কাটার কাজ করতেন।

ভুক্তভোগীর পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, শিশুটি মঙ্গলবার সকালে স্কুলে যাওয়ার পথে একা ছিল। সেই সুযোগে শরিফ তাকে পাশের একটি জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি পুরো বিষয়টি তার এক সহপাঠী এবং বিদ্যালয়ের এক শিক্ষিকাকে খুলে বলে।

ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে শরিফকে আটক করে একটি ঘরে তালাবদ্ধ করে রাখে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে আসে। সদর থানার ওসি মো. কায় কিসলু জানিয়েছেন, ভুক্তভোগী শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং এই ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত