কিশোরগঞ্জে দুই দিনে পানিতে ডুবে ৯ জনের মর্মান্তিক মৃত্যু

কিশোরগঞ্জে গত দুই দিনে পানিতে ডুবে ৯ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ জুলাই) সকাল থেকে শনিবার (২৫ জুলাই) বিকেল পর্যন্ত জেলার আটটি উপজেলায় এসব পৃথক দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট থানা পুলিশ এবং কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে।

নিহতদের মধ্যে ছয়জন শিশু, দুইজন যুবক এবং একজন মধ্যবয়সী ব্যক্তি রয়েছেন। দুর্ঘটনায় নিহতরা হলেন নিকলীর মোহাম্মদ হাকিম (৫), গাজীপুরের মাদ্রাসাছাত্র আরিফ হোসেন (১২), কটিয়াদী উপজেলার নাঈম মিয়া (১১), ভৈরবের শুভ ইসলাম স্মরণ (১২), সদর উপজেলার ফিজিওথেরাপিস্ট বাছির উদ্দিন মিলন (৪২), ইটনার ফাইজা (৮), সদর উপজেলার ফয়সাল (২২) এবং বাজিতপুরের তাহসিন মিয়া (৩) ও মাওয়া আক্তার।

পুলিশ ও স্থানীয় সূত্র অনুযায়ী, খেলার সময় পুকুরে পড়ে, নদী, হাওর বা খালে গোসল করতে নেমে এসব প্রাণহানির ঘটনা ঘটেছে। জানা যায়, করিমগঞ্জে হাওরে ভ্রমণকালে পানিতে ডুবে যাওয়া এক শিশুকে উদ্ধার করতে গিয়ে প্রাণ হারান ফিজিওথেরাপিস্ট বাছির উদ্দিন মিলন। ইটনায় নিখোঁজ হওয়া শিশু ফাইজার মরদেহ ঘটনার পরদিন সকালে ভেসে ওঠে। এছাড়া কিশোরগঞ্জ সদরে তাবলীগ জামাতের সঙ্গীদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে মারা যান ফয়সাল এবং বাজিতপুরে খালে পড়ে দুই শিশুর মৃত্যু হয়।

একের পর এক ৯টি মৃত্যুর ঘটনায় পুরো জেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বর্ষা মৌসুমে জলাশয়ের কাছে শিশুদের একা যেতে না দেওয়া, যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা এবং সাঁতার শেখানোর ওপর গুরুত্বারোপ করেছেন স্থানীয় প্রশাসন ও সচেতন মহল।

কন্টেন্ট: সংগৃহীত