এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল ৩ বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের মসৃণ, টেকসই ও স্থিতিশীল উত্তরণ নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আরও জোরালো সহযোগিতার আবেদন জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে, এলডিসি থেকে উত্তরণের বর্তমান প্রস্তুতিকাল আরও তিন বছর বাড়িয়ে দেওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। শনিবার (১৮ জুলাই) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

জাতিসংঘ সদরদপ্তরে আয়োজিত পৃথক বৈঠকে বাণিজ্যমন্ত্রী ইকোসকের সভাপতি ও নেপালের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লোক বাহাদুর থাপা এবং ইকোসকের সহ-সভাপতি ও আলজেরিয়ার স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আমর বেনজামার সঙ্গে আলোচনা করেন। এসব বৈঠকে তিনি প্রস্তুতিকাল বাড়ানোর পক্ষে সরকারের যৌক্তিকতা বিস্তারিতভাবে তুলে ধরেন।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উল্লেখ করেন যে, দেশের চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক রূপান্তর, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, জ্বালানি সংকট, সরবরাহ ব্যবস্থার বিঘ্ন, জলবায়ু পরিবর্তনের বহুমাত্রিক প্রভাব এবং অন্যান্য বাহ্যিক প্রতিকূল পরিস্থিতির কারণে বাংলাদেশ নির্ধারিত প্রস্তুতি পর্বের পূর্ণ সুবিধা গ্রহণ করতে পারেনি। তিনি জোর দিয়ে বলেন, এলডিসি থেকে উত্তরণের বিষয়ে বাংলাদেশ দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। প্রস্তুতিকাল বাড়ানোর এই অনুরোধ উত্তরণ বিলম্বিত করার জন্য নয়, বরং এই প্রক্রিয়াকে আরও মসৃণ, টেকসই ও স্থিতিশীল করাই এর মূল উদ্দেশ্য।

মন্ত্রী আরও বলেন, অতিরিক্ত এই সময় পাওয়া গেলে তা কাঠামোগত সংস্কার সুসংহত করা, সুশাসন জোরদার করা, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা, আর্থিক খাতকে শক্তিশালী করা, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি, অবকাঠামোর উন্নয়ন এবং একটি শক্তিশালী ও টেকসই উত্তরণ কৌশল বাস্তবায়নে সহায়ক হবে।

বাংলাদেশ প্রতিনিধিদলে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী, লেদারগুডস অ্যান্ড অ্যাকসেসরিজ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর এবং বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান উপস্থিত ছিলেন। ইকোসকের সভাপতি ও সহ-সভাপতি বাংলাদেশের এই উত্তরণ প্রক্রিয়াকে মসৃণ ও টেকসই করতে নিবিঢ়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

কন্টেন্ট: সংগৃহীত