রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে চলচ্চিত্র নির্মাতা মো. ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’র শুভ মহরত অনুষ্ঠিত হয়েছে। জমকালো এই আয়োজনে দেশের চলচ্চিত্র অঙ্গনের অনেক গুণী শিল্পী ও কলাকুশলী উপস্থিত ছিলেন। সিনেমাটির সবচেয়ে বড় আকর্ষণ হলো নামভূমিকায় অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় ‘পাখি’ খ্যাত অভিনেত্রী মধুমিতা সরকার। এই সিনেমার মাধ্যমেই বাংলাদেশের চলচ্চিত্রে তার অভিষেক ঘটছে।
নিজের চরিত্র নিয়ে মধুমিতা সরকার বলেন, চামেলি চরিত্রটি তার অভিনয় জীবনের অন্যতম কঠিন একটি চরিত্র। বাংলাদেশের সিনেমায় প্রথম কাজেই এমন একটি চ্যালেঞ্জিং চরিত্র পেয়ে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন। তিনি আরও বলেন, বাংলাদেশের কিংবদন্তি শিল্পীদের সঙ্গে একই পর্দায় অভিনয়ের সুযোগ তার জন্য অত্যন্ত গর্বের এবং আজীবন স্মরণীয় একটি অভিজ্ঞতা হয়ে থাকবে।
সিনেমাটিতে মধুমিতা ছাড়াও অভিনয় করছেন বাংলাদেশের জনপ্রিয় ও কিংবদন্তি অভিনয়শিল্পী ওমর সানী, আমিন খান, রোজিনা, আজমেরী হক বাঁধন এবং আশীষ খন্দকারসহ আরও অনেকে। নির্মাতা মো. ইকবালের প্রত্যাশা, ভিন্নধর্মী গল্প ও শক্তিশালী অভিনয়ের সমন্বয়ে ‘গুলশানের চামেলি’ দর্শকদের জন্য একটি বিশেষ সিনেমা হয়ে উঠবে। আগামী নভেম্বর অথবা ডিসেম্বর মাসে সিনেমাটির দৃশ্যধারণ শুরু হওয়ার পরিকল্পনা রয়েছে। এখন দেখার অপেক্ষা, বড় পর্দায় ‘চামেলি’ হয়ে মধুমিতা সরকার বাংলাদেশের দর্শকদের কতটা মুগ্ধ করতে পারেন।

