এককালের আপসহীন বিএনপি এখন আপসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। রাজধানীর বায়তুল মোকাররম দক্ষিণ গেটে ১১ দলীয় জোটের আয়োজিত এক গণসমাবেশে তিনি এ কথা বলেন। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়েছিল।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। এছাড়া এডিপির চেয়ারম্যান ড. কর্ণেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম), এনসিপির মুখ্য সংগঠক নাসীরউদ্দীন পাটোয়ারী ও এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাতুল্লাহ টুটুল এতে বক্তব্য রাখেন।
মজিবুর রহমান মঞ্জু তার বক্তব্যে বলেন, আমরা আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে চিনতাম, আপসহীন বিএনপিকে চিনতাম, কিন্তু আজকের এই আপসকামী বিএনপিকে চিনতাম না। তিনি গত ১৭ বছরের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, গত ১৭ বছরে ছাত্রদল ও যুবদলের এই প্রতাপশালী রূপ আমরা দেখিনি। তার ভাষ্যমতে, গতকালের হেলমেট বাহিনী গত ১৭ বছর আপস করে গুপ্ত অবস্থায় ছিল। তিনি প্রশ্ন তোলেন, অন্যদের ‘গুপ্ত’ ট্যাগ দিলেও এখন দেখা যাচ্ছে আপনারাই সবচেয়ে বড় গুপ্ত ছিলেন, ফ্যাসিবাদের সময়ে এই হেলমেট বাহিনীকে আমরা পাইনি।
গণভোটের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে মঞ্জু বলেন, একই মায়ের পেটের যমজ দুই ভাইয়ের একজন বৈধ হলে আরেকজন অবৈধ হয় কীভাবে? ১২ ফেব্রুয়ারিতে গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নির্বাচন মেনে নিলে গণভোট কেন মানছেন না? তিনি আরও বলেন, রাজনৈতিক দলের নেতৃত্বে হরতাল, অবরোধ ও ঘেরাও কর্মসূচির সঙ্গে দেশবাসী দীর্ঘদিন পরিচিত ছিল। তবে রাজনৈতিক দলের আনুষ্ঠানিক নেতৃত্বের বাইরে থেকেও যে এমন কর্মসূচি সংগঠিত হতে পারে, জুলাই গণ-অভ্যুত্থান সেটিই প্রমাণ করেছে।
সবশেষে এবি পার্টির চেয়ারম্যান বলেন, জুলাইয়ের শহীদদের আকাক্সক্ষা বাস্তবায়নের জন্য অবিলম্বে গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। ৫ই আগস্ট মানে মুক্তি। ৫ই আগস্ট ফ্যাসিবাদের মসনদকে পরাজিত করার দিন।

