বিশ্বকাপের পর ফুটবল ছাড়ছেন মাজরাউই, হবেন ইমাম

সাধারণত পেশাদার ফুটবলাররা খেলা ছাড়ার পর কোচিং বা ধারাভাষ্যের মতো পেশায় যুক্ত হন। তবে মরক্কোর তারকা ডিফেন্ডার নুসাইর মাজরাউইয়ের অবসরের পরিকল্পনা সম্পূর্ণ ভিন্ন।

এই মরক্কান ডিফেন্ডার তার ফুটবল ক্যারিয়ার শেষে নিজেকে ধর্মীয় শিক্ষার জগতে দেখতে চান—একজন হাফেজে কোরআন এবং মসজিদের ইমাম হিসেবে।

বর্তমানে মাজরাউই ম্যানচেস্টার ইউনাইটেড এবং মরক্কো জাতীয় দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য। তার বয়স মাত্র ২৮ বছর, যা একজন ডিফেন্ডারের জন্য ক্যারিয়ারের সেরা সময় হিসেবে বিবেচিত। অথচ এই বয়সেই তিনি অবসরের কথা ভাবছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মাজরাউই জানিয়েছেন যে, ২০২৬ বিশ্বকাপের পর তিনি পেশাদার ফুটবল থেকে সরে দাঁড়াতে পারেন। তার এই সিদ্ধান্তের কারণ হলো, জীবনের পরবর্তী ধাপে তিনি ধর্মীয় শিক্ষা ও আত্মিক উন্নয়নে বেশি সময় দিতে চান। মাজরাউইয়ের মতে, ফুটবল তাকে খ্যাতি, অর্থ এবং সাফল্যের মতো অনেক কিছু দিয়েছে। তবে জীবনের প্রকৃত উদ্দেশ্য নিয়ে চিন্তা করতে গিয়ে তিনি উপলব্ধি করেছেন যে, আধ্যাত্মিক চর্চার জন্য আরও বেশি সময় প্রয়োজন।

তিনি বলেন, ‘বিশ্বকাপের পর আমি অবসরের সিদ্ধান্ত নিতে পারি। জীবন খুবই সংক্ষিপ্ত। আমি কোরআন মুখস্থ করতে চাই। এর পাশাপাশি ভবিষ্যতে মসজিদের ইমাম হওয়ারও আমার ইচ্ছা আছে।’

মরক্কোর এই তারকা ফুটবলার আরও জানিয়েছেন যে, সম্পূর্ণ কোরআন মুখস্থ করা তার অন্যতম বড় স্বপ্ন। শুধু তাই নয়, ভবিষ্যতে তিনি ধর্মীয় জ্ঞান অর্জন করে একজন ইমাম হিসেবে দায়িত্ব পালন করতে চান।