২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স। ম্যাসাচুসেটসের ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে জয় পেলেও ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের চোট নিয়ে ভক্তদের মাঝে শঙ্কা তৈরি হয়েছিল। তবে ম্যাচ শেষে এমবাপ্পে নিজেই সেই শঙ্কা উড়িয়ে দিয়ে জানিয়েছেন, তিনি পুরোপুরি ঠিক আছেন।
ম্যাচের ৭৭তম মিনিটে গোড়ালিতে আঘাত পান এমবাপ্পে। এরপর মাঠেই তাকে প্রাথমিক চিকিৎসা নিতে দেখা যায় এবং পরবর্তীতে তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। তার পরিবর্তে মাঠে নামেন জ্যাঁ-ফিলিপ মাতেতা। চোটের বিষয়ে এমবাপ্পে বলেন, আমি পুরোপুরি ঠিক আছি। গোড়ালিতে সামান্য আঘাত পেয়েছি, তবে কোনো সমস্যা নেই। শেষ ১৫ মিনিটে মাতেতা আমার চেয়ে ভালোভাবে খেলতে পেরেছেন। ফরাসি দলের একটি সূত্রও নিশ্চিত করেছে যে তার চোট নিয়ে চিন্তার কিছু নেই। ম্যাচ শেষে এমবাপ্পেকে ড্রেসিংরুমে হাস্যোজ্জ্বল অবস্থায় এবং সমর্থকদের সঙ্গে উদযাপন করতে দেখা গেছে।
মরক্কোর অধিনায়ক ও তার সাবেক পিএসজি সতীর্থ আশরাফ হাকিমির সঙ্গে বন্ধুত্বের বিষয়ে এমবাপ্পে বলেন, মাঠে কোনো আবেগ বা অনুভূতির জায়গা নেই। আমি জিততে নেমেছিলাম, সেও জিততে নেমেছিল। তবে ম্যাচ শেষে ড্রেসিংরুমে ওর সঙ্গে দেখা হলে বিষয়টা অবশ্যই অনুভব করব, কারণ সে আমার খুব কাছের বন্ধু।
এবারের বিশ্বকাপে দারুণ ছন্দে থাকা এমবাপ্পে এই ম্যাচে একটি পেনাল্টি মিস করলেও দূরপাল্লার শটে নিজের অষ্টম গোলটি করেছেন। এর মাধ্যমে তিনি লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার তালিকায় উঠে এসেছেন। এছাড়া ওসমান দেম্বেলের গোলেও সহায়তা করেছেন তিনি, যা তার তৃতীয় অ্যাসিস্ট। সব মিলিয়ে এই বিশ্বকাপে তার অবদান ৮ গোল ও ৩ অ্যাসিস্টে। ১৯৬৬ সালের পর প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুই বিশ্বকাপে ১০ বা তার বেশি গোলে সরাসরি ভূমিকা রাখার রেকর্ড গড়েছেন তিনি। একই সঙ্গে ১৯৭০ বিশ্বকাপে গার্ড মুলারের পর এক আসরে ১১টি গোলে সরাসরি অবদান রাখা একমাত্র খেলোয়াড় এখন এমবাপ্পে।
আগামী মঙ্গলবার টেক্সাসের আরলিংটনে অনুষ্ঠিত সেমিফাইনালে স্পেন ও বেলজিয়ামের মধ্যকার বিজয়ী দলের মুখোমুখি হবে ফ্রান্স। সেমিফাইনাল নিয়ে এমবাপ্পে বলেন, আমরা খুবই আনন্দিত। জানি, স্বস্তি পাওয়ার একমাত্র উপায় হলো জয়। তবে আমাদের পথ এখনও অনেক বাকি। সামনে আরও কঠিন পরীক্ষা অপেক্ষা করছে, কিন্তু আমরা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত। এখন ভালোভাবে বিশ্রাম নেব এবং আগামীকালের ম্যাচ দেখে জানব, সেমিফাইনালে আমাদের প্রতিপক্ষ কে হবে।
এর আগে ২০২২ বিশ্বকাপেও তিনি ৮ গোল ও ২ অ্যাসিস্ট করে ১০টি গোলে অবদান রেখেছিলেন।

