সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রকাশিত নিয়মিত প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে নতুন করে ১ হাজার ১৭১ জনের শরীরে এই রোগের লক্ষণ শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া খুলনা বিভাগে দুইজন এবং সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে একজন করে আরও ৩ জনের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৭৭৯ জনের মৃত্যু হলো।
প্রতিবেদনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১৯৭ জনের হাম শনাক্ত হয়েছে এবং ৯৭৪ জনের মধ্যে রোগের উপসর্গ দেখা দিয়েছে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১ লাখ ১৫ হাজার ১৩৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে, যার মধ্যে ১৪ হাজার ১০৪ জনের শরীরে রোগটি নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে।
গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে সারা দেশে মোট ৯৭ হাজার ৯১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৯৪ হাজার ২৭৫ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

