নারী ও শিশু নির্যাতনকারীদের ‘সমাজের শত্রু’ হিসেবে অভিহিত করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেছেন যে, অপরাধী যেই হোক না কেন, নারী ও শিশুদের ওপর নির্যাতনকারীদের কোনো অবস্থাতেই ছাড় দেয়া হবে না। শুক্রবার (২৬ জুন) সকালে দিনাজপুর মিউনিসিপাল হাইস্কুল প্রাঙ্গণে মা ও শিশুর সহায়তা কর্মসূচির আওতায় অতিদরিদ্র গর্ভবতী মায়েদের ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, যে জাতি নারীদের যথাযথ সম্মান করতে জানে না, সে জাতিকে সভ্য বলা যায় না। একইভাবে যে জাতি শিশুদের অধিকার রক্ষা করে না, সেই জাতি থেকে একটি সুন্দর ভবিষ্যৎ প্রজন্ম গড়ে ওঠা সম্ভব নয়। তাই নারী ও শিশুদের অধিকারের সুরক্ষায় বর্তমান সরকার অত্যন্ত সচেষ্ট। দিনাজপুরসহ সারাদেশেই নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করাকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। শিশুরা যাতে কোনো ধরণের নির্যাতন বা অন্যায়ের শিকার না হয়ে সুস্থভাবে বেড়ে উঠতে পারে, তা নিশ্চিতে সরকার তৎপর। মাদক, নারী ও শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালন করার নির্দেশ দিয়েছেন তিনি।
সমাজকল্যাণমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়ে বলেন, গর্ভবতী মায়েরা যাতে সরকারি সহায়তা থেকে কোনোভাবেই বঞ্চিত না হন, সেদিকে কড়া নজর রাখতে হবে। বর্তমানে ২০ থেকে ৩৫ বছর বয়সী গর্ভবতী মায়েরা প্রতি মাসে ৮৫০ টাকা হারে এই ভাতা পাচ্ছেন। তবে আগামী জুলাই মাস থেকে এই ভাতার পরিমাণ বাড়িয়ে ৯০০ টাকা করা হবে এবং মায়েরা একটানা তিন বছর পর্যন্ত এই সুবিধা গ্রহণ করতে পারবেন।
দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক মোফাজ্জল হোসেন দুলাল, স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ রিয়াজ উদ্দিন এবং মহিলাবিষয়ক অধিদফতরের উপপরিচালক মো. মোরশেদ আলী খান। আলোচনা শেষে মন্ত্রী ‘ওয়ান স্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
