নাফ নদী থেকে ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

নাফ নদী থেকে ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে মাছ শিকার শেষে ফেরার পথে দুইটি নৌকাসহ সাত জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। সোমবার (১৫ জুন) দুপুরে নাফ নদীর মোহনা এলাকায় এই ঘটনা ঘটে।

ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন, টেকনাফের শাহপরীরদ্বীপ এলাকার বাসিন্দা মো. ফায়সাল (২৩), সৈয়দুর রহমান (১৯), সৈয়দ আলম (২২), মো. হেলাল (১২), মো. জলিল (১৩), আজম উল্লাহ (১০) ও মো. ফায়সাল (২২)।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অনিক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নাফ নদীর মোহনা থেকে সাত জেলেকে ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পাশাপাশি জেলেদের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।

শাহপরীরদ্বীপ দক্ষিণপাড়া জেলে ঘাটের সাধারণ সম্পাদক আব্দুল গফুর বলেন, মাছ শিকার শেষে অন্য জেলেরা ফিরে এসে সাত জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি জানান। এরপর ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ে।

এই ঘটনায় জেলে পরিবারগুলোর মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। প্রশাসন তাদের উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।