রাজধানীর স্বামীবাগে আয়োজিত রথযাত্রার একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) আয়োজিত এই রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় প্রচণ্ড গরমের মধ্যে বিএনপি মহাসচিব হঠাৎ শারীরিক অসুস্থতা অনুভব করেন। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, অনুষ্ঠানস্থলে বক্তব্য দিতে শুরু করার পরই তিনি অসুস্থ বোধ করেন। পরে তিনি নিজের বক্তব্য সংক্ষেপ করে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আসুন শান্তির জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হই।
অনুষ্ঠান শেষে তাকে দ্রুত বাসায় নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং দেশবাসীর কাছে নিজের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

