রাজধানীর কলাবাগান এলাকায় পারিবারিক কলহের জেরে মা ও মেয়েকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে হৃদয় ওরফে শিপন (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। কলাবাগান থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
নিহত দুজন হলেন হৃদয়ের স্ত্রী ফারজানা বেগম ওরফে রাত্রি (২০) ও তাঁর শাশুড়ি ফিরোজা বেগম (৩৮)। পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক কলহ নিয়ে সকালে হৃদয় ও তাঁর স্ত্রী ফারজানার মধ্যে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে ফারজানার মা ফিরোজা বেগম মেয়ের পক্ষ নিয়ে ঝগড়া থামানোর চেষ্টা করেন। সেই মুহূর্তে হৃদয় ক্ষিপ্ত হয়ে স্ত্রী ও শাশুড়িকে ছুরিকাঘাত করেন।
ঘটনার পরপরই ফারজানা বেগম ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত অবস্থায় ফিরোজা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক জানিয়েছেন, ঘটনার পর হৃদয়কে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গতকাল শনিবার স্বামী-স্ত্রী মোহাম্মদপুরে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। সেখান থেকে রাতে স্ত্রী ফারজানাকে নিয়ে হৃদয় শ্বশুরবাড়িতে আসেন। আজ সকালে তাঁদের মধ্যে ঝগড়ার সূত্রপাত হয়। হৃদয় ও ফারজানার বাড়ি শরীয়তপুরে। পুরো ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।

