নারায়ণগঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণ, বিচার দাবিতে বিক্ষোভ; বাড়ির মালিক আটক

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে উপজেলার গোপালদী পৌরসভার সদাসদী এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

ধর্ষণের শিকার শিশুটি সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের কূর্মেশ্বর্দী এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি তার ভাড়া বাসার শৌচাগার থেকে বের হওয়ার সময় একই বাড়ির অপর ভাড়াটিয়া কামাল হোসেনের ছেলে সিয়াম তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় শিশুটির আর্তচিৎকারে তার মা এগিয়ে এলে সিয়াম ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে বাড়ির মালিক শরিফ এবং তার ছেলে শান্ত সিয়ামকে একটি ঘরে আটকে রাখেন।

তবে, এলাকাবাসী একত্রিত হয়ে ধর্ষকের বিচার দাবি করলে শরিফ ও শান্ত উল্টো সিয়ামকে পালিয়ে যেতে সহায়তা করেন বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ এলাকাবাসী বাড়ির মালিক শরিফ ও তার ছেলে শান্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

পরবর্তীতে উত্তেজিত জনতা গোপালদী তদন্ত কেন্দ্র ঘেরাও করে ধর্ষক সিয়ামকে দ্রুত গ্রেফতার এবং তার দৃষ্টান্তমূলক বিচার দাবি জানায়।

গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোখলেছুর রহমান জানান, বাড়ির মালিক শরিফ ও তার ছেলে শান্তকে প্রথমে গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্রে আটক রাখা হয়েছিল। পরে তাদের আড়াইহাজার থানায় পাঠানো হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন নিশ্চিত করেছেন যে, ধর্ষণের ঘটনায় সহযোগিতা করার অভিযোগে বাড়ির মালিক ও ধর্ষকসহ মোট তিনজনকে আসামি করে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। ধর্ষককে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।