সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জাতীয় নাগরিক পার্টির

রাষ্ট্রপতির পদ থেকে সদ্য পদত্যাগ করা মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি উত্থাপন করেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।

সংবাদ সম্মেলনে আখতার হোসেন বলেন, ‘আমরা চেয়েছিলাম সাহাবুদ্দিন চুপ্পুকে সংসদে অভিশংসনের মাধ্যমে অপসারণ করতে হবে, কিন্তু তা করা হয়নি। আমরা দাবি জানাচ্ছি যে, অবিলম্বে এই সাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে এবং বিচারের আওতায় নিয়ে আসতে হবে।’

মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্রের বিষয়ে তিনি বলেন, ‘তিনি (মো. সাহাবুদ্দিন) পদত্যাগপত্রে যে ন্যারেটিভ টেনেছেন, সেগুলো অপ্রাসঙ্গিক। অসুস্থতার অজুহাতের কথা বললেও তার পদত্যাগপত্রের মধ্যে এমনভাবে তিনি ন্যারেটিভ সাজিয়েছেন, যেটা আসলে তার জন্য একটা সেফ এক্সিটের জায়গা তৈরি করতে পারে, কিন্তু এই সাহাবুদ্দিন চুপ্পুকে সেফ এক্সিট দেওয়ার কোনো মানেই নেই। তিনি যত অপরাধ করেছেন সেই অপরাধগুলোতে তাকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে।’

এনসিপির সদস্যসচিব আরও বলেন, ‘সাহাবুদ্দিন চুপ্পু একজন ফ্যাসিবাদের দোসর, একজন ফ্যাসিস্ট। সে যদি বিচারের আওতায় না আসে, তাহলে চব্বিশের গণ-অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন তাদের বিচার অপূর্ণাঙ্গ থেকে যাবে।’

আইনি পদক্ষেপের বিষয়ে আখতার বলেন, ‘এত দিন পর্যন্ত হয়তো এই সাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি পদে আসীন থাকার কারণে তার ব্যাপারে আইনগত কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। কিন্তু, তিনি পদত্যাগ করা মাত্র তার ব্যাপারে আইনগত ইনডেমনিটির কোনো জায়গা নেই। তার দায়মুক্তির আর কোনো বিধান নেই। এই অবস্থায় অনতিবিলম্বে গ্রেপ্তার করে তাকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য সরকারকে অবশ্যই উদ্যোগ নিতে হবে।’ সংবাদ সম্মেলনে এনসিপির সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত