নেত্রকোনায় মাছ ধরতে গিয়ে মিলল অবিস্ফোরিত মর্টার শেল

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ভবানীপুর সীমান্ত এলাকায় মাছ ধরার সময় একটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করা হয়েছে। শনিবার (৪ জুলাই) বিকেলে স্থানীয় কিছু শিশু নালায় মাছ ধরতে গিয়ে কাদামাটির ভেতর গোলাসদৃশ বস্তুটি দেখতে পায়।

স্থানীয় বাসিন্দা মো. ছদর উদ্দিনের ছেলে মো. আমজাদ আলী নালা থেকে বস্তুটি তুলে বাড়ির কাছে একটি নিরাপদ স্থানে সরিয়ে রাখেন। ঘটনার খবর পেয়ে ভবানীপুর বিওপি থেকে বিজিবির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরীক্ষা করে নিশ্চিত হয় যে এটি ৬০ মিলিমিটার ওজনের একটি অবিস্ফোরিত মর্টার শেল।

নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী জানিয়েছেন, সম্ভাব্য ঝুঁকি এড়াতে বিজিবি সদস্যরা মর্টার শেলটির চারপাশ বালুর বস্তা দিয়ে ঘিরে নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছেন। সীমান্ত পিলার ১১৫৫/১০-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এই গোলাটি পাওয়া গেছে। বর্তমানে বোম্ব ডিসপোজাল ইউনিটের সহায়তায় এটি ধ্বংস করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।