ভারতে প্রবেশে আন্তর্জাতিক যাত্রীদের জন্য নতুন স্বাস্থ্য নির্দেশনা জারি

আফ্রিকার ইবোলা ভাইরাস প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে আন্তর্জাতিক যাত্রীদের জন্য নতুন প্রবেশবিধি ঘোষণা করেছে ভারত সরকার। এখন থেকে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ভারতে ভ্রমণকারী সকল যাত্রীকে বিমানে ওঠার পূর্বেই অনলাইনে একটি স্বাস্থ্য ঘোষণাপত্র পূরণ করা বাধ্যতামূলক করা হয়েছে।

ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২৫ জুন থেকে নতুন এই নিয়ম কার্যকর হয়েছে। এর আওতায় ‘এয়ার সুবিধা ২.০’ নামক একটি স্পর্শহীন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। মধ্য আফ্রিকায় ইবোলার প্রাদুর্ভাবকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করার পর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ভারত এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের যেকোনো দেশ থেকে ভারতে গমনেচ্ছু যাত্রীদের ভ্রমণের ২৪ ঘণ্টা আগে নির্ধারিত অনলাইন পোর্টালে স্বাস্থ্য তথ্য প্রদান করতে হবে। বিমানবন্দরে অযাচিত বিলম্ব এড়াতে ওয়েব চেকইনের সময়ই এই প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অনলাইন ঘোষণাপত্রে যাত্রীকে গত ২১ দিনের ভ্রমণ ইতিহাস, ইবোলা আক্রান্ত এলাকায় সফরের তথ্য এবং জ্বর, শরীরব্যথা বা রক্তপাতের মতো কোনো উপসর্গ থাকলে তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। ভারতে পৌঁছানোর পর যাত্রীদের আর কোনো বাড়তি কাগজপত্র পূরণ করতে হবে না, বরং অনলাইনে সম্পন্ন করা ঘোষণাপত্রটি ইমিগ্রেশন কাউন্টারে প্রদর্শন করতে হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে ঝুঁকিপূর্ণ যাত্রীদের যাবতীয় তথ্য তাৎক্ষণিকভাবে বিমানবন্দর স্বাস্থ্য কর্মকর্তা ও ইমিগ্রেশন বিভাগে পৌঁছে যাবে।

উল্লেখ্য, গত ১৭ মে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র ও উগান্ডায় ইবোলার প্রাদুর্ভাবের বিষয়ে উচ্চ সতর্কবার্তা জারি করে। এই ভাইরাসের বিরল ধরন ‘বুন্দিবুগিও’র জন্য বর্তমানে কোনো অনুমোদিত টিকা বা নির্দিষ্ট চিকিৎসা ব্যবস্থা নেই। তাই ডিআরসি, উগান্ডা এবং দক্ষিণ সুদানের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর ভ্রমণ ইতিহাস থাকলে ভারতে পৌঁছানোর পর যাত্রীদের বিশেষ স্বাস্থ্য পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, বিগত পাঁচ দশকে আফ্রিকায় ইবোলা সংক্রমণে ১৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত ব্যক্তির শারীরিক তরলের সংস্পর্শে এই ভাইরাস ছড়ায়। সংস্থাটির মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস বর্তমান পরিস্থিতিকে উদ্বেগজনক বললেও তা নিয়ন্ত্রণযোগ্য বলে মন্তব্য করেছেন এবং দ্রুত সমন্বিত পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। এই পরিস্থিতিতে আফ্রিকান সিডিসি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগামী ছয় মাসের জন্য ৫১৮ মিলিয়ন ডলারের তহবিল ঘোষণা করেছে। ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর লিমিটেড জানিয়েছে, যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই ডিজিটাল নজরদারি ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে।