যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে দেশব্যাপী শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির নিবন্ধন প্রক্রিয়া। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো তৃণমূল পর্যায় থেকে উদীয়মান ও প্রতিভাবান ক্রীড়াবিদদের খুঁজে বের করা এবং তাদের বিকাশের জন্য প্রয়োজনীয় সুযোগ তৈরি করে দেওয়া।
চলতি বছরের ১ জুলাই থেকে শুরু হওয়া এই অনলাইন নিবন্ধন কার্যক্রম চলবে ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত। দেশের ১২ থেকে ১৪ বছর বয়সী ছেলে-মেয়েরা এই কর্মসূচির আওতায় মোট ১০টি ভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশ নেওয়ার সুযোগ পাবে। ইভেন্টগুলোর মধ্যে রয়েছে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, ভলিবল, ব্যাডমিন্টন, সাঁতার, টেবিল টেনিস, মার্শাল আর্ট ও দাবা। একজন অংশগ্রহণকারী সর্বোচ্চ দুটি ইভেন্টে নিবন্ধন করতে পারবেন।
সাধারণ ইভেন্টে অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্মতারিখ ১ সেপ্টেম্বর ২০১২ থেকে ৩১ আগস্ট ২০১৪-এর মধ্যে হতে হবে। তবে দাবা খেলার ক্ষেত্রে ৮ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীরাও অংশগ্রহণের সুযোগ পাবে। আগ্রহী শিক্ষার্থীরা notunkurisports.gov.bd ওয়েবসাইটে গিয়ে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।
নিবন্ধনের সময় বেশ কিছু প্রয়োজনীয় নথিপত্র সাথে রাখতে হবে। এর মধ্যে রয়েছে অনলাইন ভেরিফায়েড জন্মনিবন্ধন সনদ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের প্রত্যয়নপত্র, ষষ্ঠ বা অষ্টম শ্রেণির ভর্তি নিবন্ধন কার্ড, বর্তমান শ্রেণির সত্যায়িত শিক্ষার্থী তালিকার কপি এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

