ট্রাম্পের ঘোষণায় বিশ্ববাজারে তেলের বড় দরপতন

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৪ ডলারেরও বেশি হ্রাস পেয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে পরিকল্পিত সামরিক হামলা বাতিলের ঘোষণা দেওয়ার পরপরই বিশ্ববাজারে এই বড় ধরনের দরপতন লক্ষ্য করা যায়।

এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, দ্রুত একটি সমঝোতায় পৌঁছানোর শর্তে তিনি তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নজিরবিহীন মাত্রার সামরিক শক্তি প্রয়োগের প্রস্তুতি সম্পন্ন করেছিল যুক্তরাষ্ট্র। তবে তিনি জানান, ইরান ও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ তাকে হামলা থেকে বিরত থাকার অনুরোধ জানায়, কারণ একটি সম্ভাব্য চুক্তির মৌলিক কাঠামোর বিষয়ে সমঝোতা হয়েছে।

ট্রাম্পের দাবি অনুযায়ী, এই সম্ভাব্য চুক্তির আওতায় হরমুজ প্রণালি উন্মুক্ত রাখা এবং ইরানের পারমাণবিক হুমকির অবসান ঘটানোর শর্ত রয়েছে। তিনি বলেন, বিশ্বের কল্যাণ এবং একটি সমৃদ্ধ ইরানের স্বার্থেই তিনি হামলা বাতিল করতে রাজি হয়েছেন, তবে এর প্রধান শর্ত হলো দ্রুত একটি চুক্তি সম্পন্ন করা।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, রোববার রাত ১১টা পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ৪.০৮ ডলার বা ৪.৬৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৩.৮৫ ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৪.০১ ডলার বা ৪.৭৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮০.৬৬ ডলারে দাঁড়িয়েছে। উল্লেখ্য, গত মাসে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনার জেরে এবং ওমান উপকূলের কাছে তেলবাহী জাহাজে হামলার ঘটনায় তেলের দাম ২০ শতাংশের বেশি বেড়ে গিয়েছিল।