ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো অলিম্পিক ডে

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) উদ্যোগে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় রাজধানীতে একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

র‍্যালির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এসময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে অলিম্পিকের মূল দর্শন এক্সিলেন্স, ফ্রেন্ডশিপ এবং রেসপেক্ট বা শ্রেষ্ঠত্ব, বন্ধুত্ব ও শ্রদ্ধাবোধ সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি নিয়মিত শারীরিক কসরত ও খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ ও সক্রিয় জীবনধারা গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান।

“ইউ ক্যান ডু দিস, লেটস মুভ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই র‍্যালির মূল লক্ষ্য ছিল সাধারণ মানুষ ও ক্রীড়াবিদদের শরীরচর্চা এবং বিভিন্ন ক্রীড়া কার্যক্রমে উদ্বুদ্ধ করা। ঢাকার কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি দেশের অন্য সাতটি বিভাগীয় শহরেও অলিম্পিক ডে উপলক্ষ্যে র‍্যালি ও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ঢাকায় অনুষ্ঠিত কেন্দ্রীয় এই র‍্যালিটি সকাল ৭টায় বাংলাদেশ আর্মি স্টেডিয়াম থেকে যাত্রা শুরু করে। এরপর এয়ারপোর্ট রোড ও স্টাফ রোড লেভেল ক্রসিং প্রদক্ষিণ শেষে পুনরায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে এসে শেষ হয়। র‍্যালি শেষ হওয়ার পর সেখানে একটি চিত্তাকর্ষক ক্রীড়া প্রদর্শনী পরিবেশিত হয় এবং সেনাবাহিনী প্রধান অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন।

এদিনের কর্মসূচিতে জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ, প্রশিক্ষক, ক্রীড়া সংগঠক, অলিম্পিয়ান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন। এছাড়াও সামরিক ও বেসামরিক বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, ক্রীড়াপ্রেমী সাধারণ মানুষ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গসহ ১৫০০-এর বেশি মানুষ অংশ নেন।