সবাই মিলে দেশের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

সোমবার (১৩ জুলাই) বরিশালের ত্রিশ গোডাউন বধ্যভূমি সংলগ্ন সাগরদী খালের পাড়ে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। একটি নারিকেল গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, ধর্ম-বর্ণ ও শ্রেণি-পেশা নির্বিশেষে আমরা যেভাবে ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচার হটিয়েছি, ঠিক সেভাবেই দেশের উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তিনি উল্লেখ করেন, মুক্তিযুদ্ধের সময়ও দলমত নির্বিশেষে সবাই মিলে লড়াই করে দেশ স্বাধীন করা হয়েছিল। এই সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকলে দেশ ও জনগণ উপকৃত হবে।

পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ পরিষ্কার রাখা কেবল সিটি করপোরেশন বা সরকারের একার দায়িত্ব নয়। আমাদের ঘরবাড়ি, অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালের আশপাশের পরিবেশ সুন্দর রাখার দায়িত্ব সবার। তিনি সাগরদী খালের উদাহরণ টেনে বলেন, খালের পানি পরিষ্কার রাখতে প্লাস্টিক বর্জ্য ও পলিথিন ফেলা থেকে সবাইকে বিরত থাকতে হবে।

সিটি করপোরেশনকে উদ্দেশ্য করে তিনি বলেন, ময়লা ফেলার জন্য বিন ব্যবহারের বিষয়টি মাইকে প্রচার করতে হবে এবং বাসা-বাড়ির সুয়ারেজ লাইন সরাসরি খালে না ফেলে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের দিকে নজর দিতে হবে। নিজের এলাকা বা দেশ পরিষ্কার না রাখলে এর ভুক্তভোগী আমরাই হব বলে তিনি সতর্ক করেন।

অনুষ্ঠানে পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মজিবুর রহমান সারোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মাসুদ আহমেদ তালুকদার এবং সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস জাহান শিরিনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন এবং খালের দুই পাড়ে বৃক্ষরোপণ করেন। কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ ও জোহরের নামাজ আদায় করেন।