শিক্ষামন্ত্রীর পদত্যাগে অনড় সিজেপি, নতি স্বীকার করবে না মোদি সরকার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকার স্পষ্ট করে দিয়েছে যে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের কোনো সুযোগ নেই। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সরকারের শীর্ষ পর্যায়ের সূত্রের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে।

নিট (এনইইটি) প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে শিক্ষার্থীরা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। আন্দোলনকারীদের দাবি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া তারা এই কর্মসূচি প্রত্যাহার করবেন না। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগ এখন সরকারের বিবেচনায় নেই। সরকারের একটি সূত্র এনডিটিভিকে জানিয়েছে, পদত্যাগ করা সবচেয়ে সহজ সিদ্ধান্ত হতে পারে, কিন্তু জনগণ তাদের যে ম্যান্ডেট দিয়েছে, সরকার সেই দায়িত্ব পালনে বদ্ধপরিকর। সরকারের এই অবস্থান থেকে স্পষ্ট যে, চাপের মুখে শিক্ষামন্ত্রীকে অপসারণের কোনো পরিকল্পনা তাদের নেই।

এদিকে, শুক্রবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে সিজেপির প্রতিনিধিদলের সঙ্গে কেন্দ্রীয় সরকারের দ্বিতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সরকারের পক্ষে জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিং উপস্থিত ছিলেন। বৈঠকের পর সিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় রয়েছে। সিজেপি আরও জানিয়েছে, তাদের দাবির বিষয়ে কেন্দ্রীয় সরকার আগামীকাল বিকেল পর্যন্ত সময় চেয়েছে।

সিজেপির মুখপাত্র সৌরভ দাস জানান, তারা সরকারের কাছে তিনটি সুনির্দিষ্ট শর্তের তালিকা দিয়েছেন। এগুলো হলো— কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, নিট পরীক্ষায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য ১ কোটি রুপি ক্ষতিপূরণ এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো এফআইআর দায়ের না করা।

কন্টেন্ট: সংগৃহীত