পূর্বাচলে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্রসহ শক্তিশালী পুলিশি কাঠামো

পূর্বাচল নতুন শহর প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে পুলিশ বিভাগ। বুধবার সকালে প্রকল্প এলাকায় ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধনের সময় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির জানান, এই এলাকায় চারটি থানা ও ছয়টি তদন্ত কেন্দ্র স্থাপন করা হবে।

আইজিপি জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতাধীন এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি জোরদারে পুলিশের পক্ষ থেকে ৪১টি পুলিশ বক্স, দুটি পুলিশ লাইনস এবং তিনটি ডিসি অফিস স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। এ লক্ষ্যে পুলিশের অনুকূলে ২৯.২১ একর জমি বরাদ্দ পাওয়ার পর এর মধ্যে ১৮.৬৩ একর জমির রেজিস্ট্রেশন প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে আইজিপি মো. আলী হোসেন ফকির আরও জানান, পূর্বাচলকে ডিএমপির অধীনে এনে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে একটি পৃথক বিভাগ গঠন করা হবে। এই জনবল কাঠামোয় প্রায় ছয় হাজার ৫২৪ জন পুলিশ সদস্যকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।